কানাডার সাসকাচোয়ানে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব সাসকাচোয়ানের উদ্যোগে বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সাসকাচোয়ানের হোটেল কনফেডারেশন ইনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক সদস্য অংশ নেন।
অনুষ্ঠানে সাসকাটুন সিটির ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবার্ট পিয়ার্স এবং এমপি ব্র্যাড রেডেকপের ম্যানেজার ড্যানিয়েল ক্যাসওয়েল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া সিলেটি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরাও অংশ নেন। তাদের উপস্থিতি ও শুভেচ্ছা বক্তব্য প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করা হয়।
অতিথিরা তাদের বক্তব্যে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতেও কমিউনিটির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক বোঝাপড়া বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান সফল করতে সংগঠনের নির্বাহী কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবকদের অবদানের জন্য কৃতজ্ঞতা জানান সংগঠনের সভাপতি সাইফুল আহমেদ ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমেদ।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। আয়োজকেরা জানান, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সাংস্কৃতিক বন্ধন জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।